রংপুরে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
রংপুরের নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের সঙ্গে জেলায় কর্মরত সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, রংপুরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবযোগদানকৃত জেলা প্রশাসক ইসরাত জাহান রংপুরের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, রংপুরের উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলার সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো গণমাধ্যমের মাধ্যমে উঠে এলে সেগুলো সমাধানে প্রশাসনের কার্যকর ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হয়।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এ সময় সাংবাদিকরা উন্মুক্ত আলোচনায় রংপুরের সমসাময়িক বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রয়োজনীয় বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবা, যানজট, উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রশাসনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ রংপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।